বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকীর প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলাগুলো থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
মিছিলপূর্ব সমাবেশে দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বিএনপি নেতাকর্মীদের কটুক্তি ও হত্যার হুমকি দেয়ার তীব্র নিন্দা জানান। সেইসাথে ভবিষ্যতে আওয়ামীলীগ বর্তমানের মতো সকল সংগ্রাম মোকাবেলায় রাজ পথে থাকার হুশিয়ারি দেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুজিব সড়ক, এস. এস. রোড, বাজার স্টেশন, মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে ও চৌরাস্তা হয়ে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক আব্দুস সামাদ তালুকদার, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, সিরাজগঞ্জ সদর উপজেলা আ্’লীগের সভাপতি আবদুল হাকিম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকীর প্রতিবাদে চৌহালী উপজেলা আ’লীগও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।