বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতি পদে সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না এবং সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা পুনরায় নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটারিয়ামে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। এরআগে সম্মলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শাফিয়া খাতুন।
জেলা মহিলা আ’লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাবিবে মিলাত মুন্না এমপি ও তানভীর শাকিল জয় এমপি, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় মহিলা আ’লীগের যুগ্ম সম্পাদক শিরিন রুখসানা, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা প্রমুখ।