বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিশ্বে অনেক রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে কিন্তু ১৫ আগষ্ট জাতির পিতাসহ সপরিবারে হত্যাকান্ড ছিল নৃশংস ও নারকীয় বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
তিনি বলেন, জাতির পিতার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজস্থলী উপজেলা পরিষদের হলে জাতীয় শোক দিবসে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ই আগষ্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজস্থলী ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমার সঞ্চালনায় রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, জেলা শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ, সাবেক জেলা পরিষদের সদস্য থোয়াইচিংমং মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।