বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, তারেক রহমান সন্ত্রাসীদের গড ফাদার দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করে পাকিস্তানের আইএস’র কাছে টাকা নিয়েছে, যাতে বাংলাদেশে শান্তি না থাকে, দেশ যাতে অস্থিতিশীল হয়।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে জন্য তারেক রহমান লন্ডন থেকে ফখরুলদের দিয়ে ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে। তাই ফখরুল সাহেব বলেন, পাকিস্তান আমলে নাকি বাংলাদেশ ভালো ছিল। আজ মির্জা ফখরুলের কণ্ঠে গোলাম আজম, নিজামীদের সুর; যুদ্ধাপরাধীদের রক্ষা করার সুর। তারা (বিএনপি) বিদ্যুতের দাম, দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি শুরু করেছেন। কিন্তু বিএনপির সে স্বপ্ন কোনদিনই বাস্তবায়ন হবেনা। আওয়ামী লীগ তাদের সে স্বপ্ন কখনই সফল হতে দিবেনা।
এসএম কামাল সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, আমরা কেউ দলের জন্য অপরিহার্য নই; তবে শেখ হাসিনা এ দলের জন্য অপরিহার্য আর তার জন্যই আমরা আজ ঐক্যবদ্ধ।
এসএম কামাল হোসেন সোমবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ।
বিকালে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিককে পুনরায় সভাপতি ও প্রকৌশলী আসিফ ইকবাল সনিকে সাধারণ সম্পাদক করে ধুনট উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আবদুল হাই খোকন ও গোলাম হোসেন সরকারকে সহ-সভাপতি, মহসীন আলম, শরিফুল ইসলাম খান ও ফরিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোফাফফর হোসেনকে সদস্য করা হয়েছে।