বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন, সড়ক অবরোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে দুটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এছাড়া কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে- এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসে উত্তেজিত জনতার দেওয়া আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে এক নাতিকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল নানী। এ সময় ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ওই বাসসহ দুটি অনাবিল পরিবহনের বাস আটক করে অগ্নিসংযোগ করে।

এছাড়া মহাসড়কে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com