বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের নানিয়রচরের ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংর্ঘষে রাঙ্গামাটি সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী নেন্সি চাকমা (১৮) নিহত হয়েছে। নেন্সী চাকমা বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী এলাকার জ্যোতিময় চাকমার মেয়ে।
পরিবার প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নেন্সি চাকমা সকালে নিজ বাড়ি থেকে তার চাচাতো বড় ভাই দীপেন দেওয়ানের সাথে মোটরসাইকেল যোগে রাঙ্গামাটি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচরগামী পাথর ভর্তি ট্রাকের (ফেনী ট-১১-০৯৩১) সঙ্গে ধাক্কায় নেন্সি চাকমা এবং মোটরসাইকেল চালক আহত হন। আহত উভয়কে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ন্যান্সী চাকমাকে মৃত ঘোষণা করেন। আহত দীপেন দেওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা রয়েছে। ময়নাতদন্তের পরে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রাক ফেলে পালিয়ে যান চালক।
নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানায়, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যাক্তির মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করলেও বর্তমানে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।