বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রাইমারি টিসার্চ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর (কৃষি) মো: মোশারফ হোসেন (৩২) রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত মোশারফ হোসেন রংপুর সিটি কর্পোরেশনের হারাগাছা থানার বধু কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। তিনি গত বছরের ৬ এপ্রিল সিরাজগঞ্জ পিটিআইয়ে ইন্সট্রাক্টর (কৃষি) পদে যোগদান করেছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২৬ মার্চ) সকালে মোশারফ হোসেন ট্রেনযোগে রংপুর থেকে এসে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে নেমেছিলেন। সেখান থেকে একটি ব্যাটারি চালিত অটোভ্যানযোগে মহাসড়কের গাড়ি না চলা লেন দিয়ে ভ্যানটি সায়দাবাদের দিকে যাওয়ার পথে এক্সেলেটর ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এসময় মোশারফ হোসেন ছিটকে গিয়ে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই শিক্ষা কর্মকর্তার দুপুরের দিকে মৃত্যু হয়।
সিরাজগঞ্জ প্রাইমারি টিসার্চ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) সুপরিটেন্ডেন্ট মো: মুকুল হোসেন (অতিরিক্ত দায়িত্ব) জানান, মাত্র ৮ দিন আগে গত সপ্তাহে শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বিয়ে করেছেন। বিয়ের পর রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস করেছেন। বুধবার (২১ মার্চ) ছুটির আবেদন করে তিনি বাড়ি গিয়েছিলেন। রোববার (২৬ মার্চ) ছুটি শেষে অফিসে ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যু ঘটে।