বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশির নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশির সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মো: আলমের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান টনি এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে শিশির বন্ধুদের সাথে যমুনায় গোসল করতে নামে।
সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে শিশির পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পরে রাজশাহীতে খবর দেয়া হলে সেখান থেকে ডুবুরি দল এসে রাত ৮টার দিকে যমুনা নদীর চায়না বাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।