বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মান্নান নগর-তাড়াশ আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা নামক স্থানে মোটরসাইকেল থেকে পড়ে রোকসানা আক্তার হাসি (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রোকসানা আক্তার হাসি উপজেলার পংরৌহালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সে মহেশরৌহালী জলিল নগর উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৭ মে) এসএসসি পরিক্ষা শেষ হওয়ার পর রোকসানা আক্তার তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিল। তারা মান্নান নগর-তাড়াশ আঞ্চলিক সড়কের দোবিলা নামক স্থানে পৌঁছলে রোকসানা পিছন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।