বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভুয়া জন্মসনদ দাখিল করার বিষয়ে ব্যাখ্যা চাইতে বার বার তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে ১০ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে অনাদায়ে একদিনের কারাদন্ড দেয়া হয়।
সিরাজগঞ্জের কাজিপুর পারিবারিক আদালতের বিচারক মো. লোকমান হাকিম এ দন্ডাদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মামলায় ভুয়া জন্মসনদ দাখিলের সূত্র ধরে বগুড়ার ধুনট উপজেলার ওই ইউপি চেয়ারম্যানকে তলব করেন আদালত। কিন্তু বারবার সময় দেয়া সত্ত্বেও আদালতে হাজির হননি তিনি। পরে ভুয়া সনদের বিষয়ে ব্যাখ্যা না দেয়ায় তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে আরেক দফা কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আইনজীবী চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেয়ার অভিযোগে ফৌজদারি মামলা দায়েরসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আবেদন করেন।
বৃহস্পতিবার বিচারক আবেদন নাকচ করে অভিযুক্ত চেয়ারম্যানকে পারিবারিক আইন অনুযায়ী উল্লেখিত দন্ডাদেশ দেন। এছাড়া আদেশের কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশিষ্ট জেলা প্রশাসকসহ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, গত ৩০ মে আদালতের একটি চিঠি ডাকযোগে পেয়েছি। ওই চিঠিতে ২৪ মে হাজিরার তারিখ ছিল। এছাড়া আদালতের কোনো চিঠি পাইনি বলে তিনি উল্লেখ করেন।