বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরপাড়া বাজারে হযরত আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর রাতে ওই মার্কেটের মজিবর রহমানের মনোহারি দোকান থেকে বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মূহূর্তেই মার্কেটে দোকানে ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডে ২টি মনোহারি দোকান, ফার্মেসীর দোকান, সেলুন, কৃষি বীজ ও উপকরণের দোকান, খেলনা সামগ্রীর দোকানসহ ৫টি দোকান ভস্মীভূত হয়েছে এবং অপর দোকানগুলোর আংশিক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেন সাংবাদিকদের জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে।