বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: গত দুই দিন টানা বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিপুর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে ও সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে রাঙ্গামাটির জেলা প্রশাসন। টানা বর্ষণের কারণে এ নির্দেশনা জারি করেন রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন খান।
শুক্রবার (৪ আগষ্ট) সকাল থেকে রাঙ্গামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিম পাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটির ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান সহ প্রশাসনের লোকজন ও স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পাহড়ের পাদদেশে বসবাসরতদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের নয়টি ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। বিকাল থেকে বৃষ্টিপাত আরো বাড়তে পারে। এই জন্য রাঙ্গামাটি পৌর এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও একই নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে।
প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে বিকাল ৪টার মধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্র অথবা রাঙ্গামাটি জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে সরে যেতে হবে। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে থাকা খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া পাহাড়ের নিচে বসবাসকারী সবাইকে আমরা মাইকিং করে সর্তক করা হচ্ছে, যাতে করে তারা আশ্রয় কেন্দ্রে চলে আসে।