বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। যেখানে গত সপ্তাহে উৎপাদন ছিল ১৬৬ মেগাওয়াট সেখানে রবিবার (১৩ আগষ্ট) সকাল ১০টা পর্যন্ত উৎপাদন হয়েছে ২০৫ মেগাওয়াট।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দিনদিন কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে রবিবার (১৩ আগষ্ট) সকাল ১০টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হয়েছে ২০৫ মেগাওয়াট। যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন।
এছাড়া কাপ্তাই হ্রদে পানির পরিমাণ যদি বাড়তে থাকে তবে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
এদিকে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুল কার্ভ অনুযায়ী ৯৩.৬৫ ফুট এমএসএল থাকার কথা থাকলেও রবিবার (১৩ আগষ্ট) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৮১ ফুট মীন সি লেভেল। যা গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। তবে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনসি লেভেল।
উল্লেখ্য, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।