বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিথিলা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মিথিলা সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। এই নিয়ে সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ জন দাঁড়ালো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ডায়রিয়াতে ভুগছিল স্কুল ছাত্রী মিথিলা। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয় এবং অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করা হলে মিথিলার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
এদিকে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ২৫ জন।
এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন এবং ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। তবে ওই স্কুলছাত্রীর মৃত্যুর রিপোর্ট এখনও পাওয়া যায়নি।