বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে ২৯৯নং আসনে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার।
তিনি বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছেন, যার বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সদর, খেদারমারা, করল্যাছড়ি ও পাবলাখালী, দুরছড়ি ইউনিয়ন ও আমতলী এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
প্রচারণাকালে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, স্মার্ট রাঙ্গামাটি বিনির্মাণ ও বিশ্বমানের পরিবেশ বান্ধব পর্যটন, অবৈধ অস্ত্রের উদ্ধার অভিযান ত্বরান্বিত এবং অবকাঠামোসহ আর্থ-সামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের কষ্ট বোঝে। তাই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চুক্তি করেছে। যা বাস্তবায়নে কাজ চলমান রয়েছে। তাই আগামীতে আওয়ামী লীগ নির্বাচিত হলে এলাকায় যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে তা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন তা নবীন প্রজন্মের অনেকেই বুঝবে না, কারণ তারা দেখেনি, কোন দুরাবস্থা থেকে বাংলাদেশ তথা আজকের পার্বত্য চট্টগ্রাম সম্মানজনক অবস্থানে এসেছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার ও যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেবেন।
এ সময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি বৃষ কেতু চাকমা, হাজী কামাল উদ্দিন, মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক সন্তোষ কুমার চাকমা,বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন, বিভিন্ন ইউনিয়নের কার্বারীসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, বুধবার সকালে শহরের বনরূপা, সমতাঘাট, দেবাষীশ নগরে গণসংযোগ করেছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে। এসময় তিনি বলেন, অবহেলিত রাঙ্গামাটিকে উন্নয়নে ৭টি প্রস্তাবনা নিয়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোট যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোট ডাকাতি না হয় তাহলে ভোটাররা আমাকে ভোট দিতে কেন্দ্রে যাবেন বলছেন।আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে নির্বাচনে অংশ নেয়া তৃণমুল বিএনপি’র প্রার্থী মো. মিজানুর রহমান বিকেলে শহরের বনরুপা এলাকায় গণসংযোগের করেছে।