বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা নামকস্থানে বাসচাপায় সিএনজি যাত্রী মা-মেয়ে নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলো-ওই উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধন সূত্রধরের স্ত্রী মিতু বিশ্বাস (৩০) ও তাদের মেয়ে ইচ্ছামনি (৭)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম. এ. ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু মেয়ে নিহত হয় এবং ৫ জন আহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হওয়ায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।