বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-মুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ঠাকুরটেক মোড় নামক স্থানে মঙ্গলবার বিকেলে ড্রাম ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাঁতী মহল্লার মো: শাহজামালের ছেলে শুভ (২০) ও একই মহল্লার মো: মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ি থেকে শুভ ও স্বপন মোটরসাইকেলযোগে সয়দাবাদের দিকে যাওয়ার পথে মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাইকপাড়া ঠাকুরটেক মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।