বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।
পরে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উৎসবের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চাকমা সার্কেল চীফ ব্যারিষ্ট্যার দেবাশীষ রায় প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। বিশেষ অতিথি হিসাবে সাবেক সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, আয়োজক কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার বক্তব্য রাখেন।
বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালীতে রাঙ্গামাটির চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, রাখাইন ও গুর্খা সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে পাহাড়ী নারী- পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে আনন্দ র্যালীতে অংশ নেন।

১২ই এপ্রিল হতে শুরু হয়ে ১৬ই এপ্রিল শেষ হবে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের বড় সামাজিক উৎসবের অনুষ্ঠানিকতা।