বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আল শামীম (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছে।
এই ঘটনায় আরো ৭ যাত্রী আহত হয়েছে এবং বাসটির ছাদ খুলে পড়ে গেছে। নিহত আল শামীম পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোমবার সকালে টেটিয়ারকান্দি নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের সম্পূর্ণ ছাদটি খুলে পড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আল শামীম মারা যায়। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।