বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকাপ খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) রাত সাড়ে ১২টায় বিলাইছড়ি-শুক্কুরছড়ি ৪ কিলোমিটার পশ্চিমে রাজস্থলীর সীমান্ত সড়ক এলাকায় একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন-নবী হোসেন (২৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে। গুরুতর আহতদের মধ্যে একজন মোহাম্মদ কালামিয়া (৪০) একই গ্রামের অপরজন মোহাম্মদ ইয়াসিন কুতুবপালন উখিয়া কক্সবাজার।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।এসময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে তিনজন রোগী আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।