বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সাবেক ছয় এমপিসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা আত্মগোপন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশের মতো সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। গত ৪ আগস্ট শহরে এ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সংঘর্ষে বিচ্ছিন্নভাবে বিএনপিও জড়িয়ে পড়ে। সংঘর্ষে যুবদল নেতা ও ছাত্রসহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় শহর উত্তপ্ত হয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ৪ ও ৫ আগষ্ট ৬ এমপিসহ জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা এবং ক্ষতিগ্রস্থ এমপি ডঃ জান্নাত আরা হেনরীর বাড়ি থেকে ২ জনের কঙ্কাল উদ্ধার করা হয়। এ হামলার পরেই জেলার ৬টি আসনের ৬ এমপিসহ নেতাকর্মীরা আত্মগোপন করেন।
এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৩ জন পুলিশসহ ১৫ জনের মৃত্যু, রায়গঞ্জে আওয়ামীলীগ নেতা ও সাংবাদিকসহ ৬ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো ২ পুলিশ সদস্য মারা যান।
অবশ্য সেনা সদস্যরা এমন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রশংসনীয় ভুমিকা পালন করছেন। এদিকে আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, এমপিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোথায় আছেন জানা নাই। তবে পরিস্থিতি ভালো হলে তারা বাড়ি ফিরতে আসতে পারেন। তবে আর কোন মন্তব্য করতে তারা অস্বীকার করেন।