বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১৩ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সিরাজগঞ্জ শহরের ইবি রোড মহল্লার মৃত- ছফর উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৬২) তার ছেলে আলীফ হাসান (২৭) ও সদর উপজেলার দীঘলকান্দী গ্রামের শ্রী শুধাংস চন্দ্রের ছেলে চন্দ্র শেখর (৩৩)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে ভোর সাড়ে ৫টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ৩ যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ও আহতদের উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেলেও সেতুর উপর দিয়ে ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও উত্তরবঙ্গমুখী যান চলাচল স্বাভাবিক ছিল। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে ফেলার পর সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।