বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থাকার পরেও দুপুরের জন্য রান্না করা খাবার না খেয়েই পালাতে বাধ্য হয়েছে।
আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, মানুষের সঙ্গে মিশবেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েলগাঁতী গ্রামে বাবা-মা ও দাদির কবর জিয়ারত শেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারেক রহমান যে কোনো সময় দেশে আসবেন। সেদিন লক্ষ কোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না। আওয়ামী লীগের ভালো মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা মানুষকে অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সঙ্গে জড়িত তারা রাজনীতি করতে পারবে না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদআলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন।