বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকারকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
এক কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি দেয়া হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ করায় আপনার বিরুদ্ধে এক শিক্ষককে মারপিট করে জখম করার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ অভিযোগের বিষয়ে গত ৯ সেপ্টেম্বর আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আপনি ওই নোটিশের জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় অদ্য ২৪ অক্টোবর আপনাকে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে।