বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বন্ধুদের সাথে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজের পরদিন জিহাদ (১৫) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২৬ অক্টোবর) সকালে নিখোঁজ হওয়ার স্থান পৌর এলাকার যমুনা নদীর ক্রসবার-৩ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার জুয়েলের একমাত্র ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান রনি জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় গোসলে নেমে তীব্র স্রোতের টানে নিখোঁজ হয় জিহাদ। খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেনি বন্ধুরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার কোন খোঁজ না পেয়ে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেয়া হয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু করে এবং শুক্রবার রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। শনিবার সকালে আবারো ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে এবং সকাল ১০টার দিকে জিহাদের লাশ উল্লেখিত স্থান থেকে উদ্ধার করে।