বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলি ইমাম মজুমদার বলেছেন, চলতি আমন সংগ্রহ মৌসুমে সরকারি মূল্যে ধান-চাল সরবরাহ করলে কৃষক-মিলারদের লোকসানের সুযোগ নেই।
উৎপাদন খরচের সাথে লাভ যুক্ত করেই উচ্চপর্যায়ের কমিটি এ মূল্য নির্ধারণ করেছে। আগামী মৌসুমে এ দাম আবারো সমন্বয় করা হবে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউজে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নাত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। এতে মূল্য বাড়লে ওএমএস, ভিজিডিসহ বিভিন্নভাবে এ ধান-চাল বাজারে সরবরাহ করে মূল্য স্থিতিশীল রাখা যাবে। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের ৮ জেলায় ৫৩ হাজার ৩৫৯ মেট্রিক টন ধান, ৯২ হাজার ৭২৯ মেট্রিক টন চাল ও ১৩ হাজার ৯৫০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ২০৬ মেট্রিক টন ধান ও ২৮ হাজার ৫৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন প্রমুখ।
এ সময় রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও সকল জেলার খাদ্য নিয়ন্ত্রক, কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক ও খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।