বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতিয় সংসদের সিরাজগঞ্জের ৬টির মধ্যে ৫টি আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
সিরাজগঞ্জ শহরের কাজিপুর রোডে দারুল ইসলাম মহিলা কলেজ অডিটোরিয়ামে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান।
প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মওলানা শাহীনূর আলম, সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মিজানুর রহমান।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে দারুল ইসলাম মহিলা কলেজ অডিটোরিয়ামে দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথি মওলানা রফিকুল ইসলাম খান ওই ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি আরো বলেন, বাকি সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী যাচাই-বাছাই শেষ হলেই ঘোষণা করা হবে।