বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বিচার, রাষ্ট্রের সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি করবে অন্তর্র্বতী সরকার।
যদি জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়াই আমরা নির্বাচনের দিকে যাই নির্বাচন পরবর্তীতে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে আমরা তা মনে করিনা। এ কারণে বিদ্যমান আইনেই অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে বলে আমরা মনে করি।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের মানুষের ভাগ্যন্নয়নে আমাদের এ দল গঠন করা হয়েছে। আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার ও রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্যই এই গণঅভ্যুত্থান হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এতো মানুষ রক্ত দিলো, কেন এতো মানুষ জীবন দিলো।
কিন্তু দুঃখের বিষয় অনেকেই সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে যাওয়ার পাঁয়তারা করছে। সিরাজগঞ্জবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের আপামর মানুষের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ ইসলাম আগামীতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এসএম সাঈদ মোস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, মুখপাত্র টি এম মুশফিক সাদ, আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল, ফজল হোসেন ও মহসিন রেজা প্রমুখ।