বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আসমা খাতুন (৪৫) নামে এক গৃহবধু মারা গেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার শেরপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল এলাকায় এ দুর্ঘটনায় তার স্বামী বিশালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ (৫২) আহত হয়েছেন। তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আবদুর রশিদ শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর তেঘরি গ্রামের বাসিন্দা ও বিশালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তিনি বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্ত্রী আসমা খাতুনকে মোটর বাইকে নিয়ে শেরপুর সদর থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি শেরপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তারা দু’জন মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। আসমা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত আবদুর রশিদকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। শেরপুর থানার ওসি হুমায়ন কবীর জানান, ঘাতক ট্রাকটি শনাক্তকরার চেষ্টা চলছে।