বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ দুপুর ২টায় খুলনা জিলা স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ব্রাইট সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ১৪ লাখ টাকা তুলে তার অফিসের দুই কর্মকর্তা ও দুই ব্যবসায়ী নগরীর নতুন বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। তারা প্রাইভেট কারে ছিলেন।
দুপুর ২টার দিকে জিলা স্কুল মোড় অতিক্রম করার সময় দুটি মটর সাইকেলে করে কয়েকজন যুবক প্রাইভেট কারের গতিরোধ করে। তারা গাড়ির ভেতরে থাকা ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়।
তিনি জানান, যুবকরা টাকার ব্যাগ নিয়ে কাস্টম ঘাটের দিকে যাওয়ার সময় মোড়ের এক পুলিশ সদস্য বিষয়টি দেখে ফেলে। তিনিও মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। কিন্তু ধরতে পারেননি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
খুলনা সদর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা মাঠে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।