বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর-কালিগঞ্জ গ্রামে স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম (২২) ও তার মা মনিরা বেগম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম চর-কালিগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে ও রাজশাহী (আরআরএফ) পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, দুই বছর আগে একই উপজেলার রামকান্তপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুরভীকে বিয়ে করে মনিরুল।
মনিরুলের সাথে অন্য কারও প্রেমের সম্পর্কের কারণে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।
বৃহস্পতিবার মনিরুল ৩ দিনের ছুটি নিয়ে বাড়িতে এলে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সুরভীকে শ্বাসরোধে হত্যা করে কচুরিপানা দিয়ে পুকুরের পানিতে লাশ ঢেকে রাখা হয়।
শুক্রবার বিকেলে ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মনিরুল ও তার মা মনিরা বেগমসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, তার ছোট ভাই মোন্নাফ হোসেন ও তার বন্ধু রঞ্জু। এ মামলা দায়েরের পর রাতে কনস্টেবল মনিরুল ও তার মা মনিরা বেগমকে গ্রেফতার করা হয়।
শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।