আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়। ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২০’ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করে।
সকাল ১০ টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।
পরে ভাইস-চ্যান্সেলর ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর এই বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, ভার্চুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোষ্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এই প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে সৌন্দর্য বর্ধন ও লাইটিং করা হয়।
এছাড়াও বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ উদযাপন কমিটির সভাপতি এবং পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, প্রফেসর ইকবাল মতিন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ড. মিয়া জগলুল সাদত।
আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস.এম জহুরুল ইসলাম, রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, রুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দূল্লাহ আল মামুন শুভ প্রমুখ।