বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় ভাগ্নেকে মারপিটের প্রতিবাদ করতে গিয়ে কিশোর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রশিদুল ইসলাম (৩৩) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ী সমাজসেবক খুন হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনায় তিনি ও ভগ্নিপতি বছির আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে বিকালে রশিদুল মারা যান।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সাঈদ আল সিয়াম (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও জনপ্রতিনিধি জানান, রশিদুল ইসলাম বগুড়া শহরের রহমাননগর এলাকার মৃত জাহেদুল ইসলাম লালুর ছেলে। তিনি শহরের রহমাননগর এলাকায় জব্বার ক্লাব মোড়ে ফ্লেক্সিলোডের ব্যবসা ছাড়াও মৃতকে গোসল করানো, রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামুলক কাজের সাথে জড়িত ছিলেন।
মঙ্গলবার বেলা ২টার দিকে রশিদুলের ভাগ্নে শান্ত (১২) শহরের জলেশ্বরীতলায় টাউন স্কুল মাঠে খেলছিল। এ সময় কয়েকজন কিশোর তাকে মারধর করে। ওই পথ দিয়ে রিকশায় যাবার সময় রশিদুল ভাগ্নেকে মারধর করা দেখতে পেয়ে এগিয়ে যান।
এ সময় তার ভগ্নিপতি শান্তর বাবা বছিরও সেখানে আসে। তারা প্রতিবাদ করলে মালতিনগর পাইকারপাড়ার আতিউর রহমানের ছেলে সাঈদ আল সিয়াম ও তার বন্ধু শামিউল ছুরি বের করে রশিদুলের পিঠে এবং বছিরের হাতে ও উরুতে ছুরিকাঘাত করে।
তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সিয়াম ও শামিউল পালিয়ে যায়।
ছুরিকাহত ভগ্নিপতি বছির ও শ্যালক রশিদুলকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে পৌণে রশিদুল মারা যান।