বাংলা হেডলাইনস গাজীপুর : রাষ্ট্র, সরকার ও পুলিশ বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গাজীপুর জেলার কাপাসিয়া থানার সোহাগপুর গ্রামের হাবিবুর রহমান (৩০) ও রায়হান মিয়া (২০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কিছু লোক গত মঙ্গলবার কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর বাজারে হাদিউল ইসলাম এর মুদি দোকানের সামনে বসে যুবকরা পুলিশ ও সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত থেকে মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল সেটের মাধ্যমে তাদের ফেসবুক আইডিতে প্রবেশ করলে দেখা যায় ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার যাহার শিরোনাম ছিল ‘‘জঙ্গি পুলিশ হাটাও, দেশটাকে বাঁচাও’’ এবং তারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন করার লক্ষে অপপ্রচার করছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।