বাংলা হেডলাইনস বগুড়া : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রি-বাষিক সম্মেলনের ১৩ দিন পর শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সিরাজুল ইসলাম খান রাজুকে সভাপতি ও অ্যাডভোকেট কুদরত-ই-এলাহি কাজলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আবু রেজা খান, জার্জিস আলম রতন, অজয় সরকার, নাজিমুল হুদা খন্দকার ও শ্যামল মোহন্ত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা ও নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন ও মোশাররফ হোসেন।
এছাড়া সদস্য হিসাবে রাখা হয়েছে, সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ ও আশরাফুল ইসলাম মন্টুকে।
শুক্রবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দীন ফরাজী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু স্বাক্ষরিত পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
কমিটি নিয়ে অসন্তোষ শুরু হলে তা স্থগিত করা হয়। এর ১৩ দিন পর এই নয়া কমিটি অনুমোদিত হলো। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু এর সত্যতা নিশ্চিত করেছেন।