বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পানিতে ডুবে নিহত নৌকার মাঝি সাইদুর রহমান প্রামানিকের (৬০) পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। এরমধ্যে নিহতের ছেলে চাঁন মিয়া ও মেয়ে সানজিদার খাতুনের ২০হাজার টাকা করে এবং স্ত্রী চায়না খাতুনের হাতে ১০হাজার টাকার চেক দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ শামীম, সহকারি প্রকৌশলী রোকনুজ্জামান খানসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১০ অক্টোবর বিকেলে জেলা পরিষদের আয়োজনে শহর রক্ষাবাঁধ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দর্শনার্থীদের ধাক্কায় নৌকা থেকে সাইদুর যমুনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির ১২অক্টোবর দুপুরে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।