বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাশেদুল ইসলাম কেতু (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সে ওই উপজেলার কোনাবাড়ী গ্রামের সোলায়মান আলী মন্ডলের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাশেদুল অস্ত্রসহ ওই এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।