বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেটের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়া গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে মো: আব্দুল্লাহ (৪৫) ও সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর পূর্বপাড়া মহল্লার মৃত বাহার প্রামানিকের ছেলে মো: নূরুল ইসলাম (৫৫)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো: মোস্তাফিজুর রহমান শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিউ মার্কেটের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।