বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় জাতীয় পার্টি নেতা এরশাদুজ্জামান ডলারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরীর শেরে বাংলা রোড আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ডলারের ভাই মনিরুজ্জামান এলু জানান, রাত সাড়ে আটটার দিকে ডলার রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি শেরে বাংলা রোডের আমতলা মোড়ে পৌছালে একটি মটরসাইকেল তার গতিরোধ করে।
ওই মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিল। তাদের একজন ডলারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা ডলারকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।