বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শ্ত্রুরাই এদেশে ১৫ ও ২১ আগষ্টের ষড়যন্ত্রের মূলহোতা। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য ও পাকিস্তানী কায়দায় দেশ পরিচালিত করতেই ক্ষমতালোভী চক্র পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন নেত্রী বেঁচে গেছেন বলেই দেশ আজ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীলের মর্যাদা লাভ করেছে।
তারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যার সততা ও অসীম সাহসিকতার জন্য দেশে ১৫ আগস্টের বিচার সম্ভব হয়েছে। দ্রুত অবশিষ্ট খুনিদের রায় কার্যকর করা হবে। ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন সরকার প্রধান খালেদা জিয়া মূল পরিকল্পনাকারী ছিলেন। এদের মুখোশ উন্মোচিত করতে হবে।