বাংলা হেড লাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের স্বাক্ষরিত দলীয়পত্রে এ তথ্য পাওয়া গেছে।
বহিস্কৃত নেতারা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মতুর্জার।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী এসএম মাসুদ রানার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান মন্টুর মোটরসাইকেল মার্কার পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন রেজাউল করিম দুলাল।
নৌকার প্রার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের পর তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
অপরদিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচেনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিকের নৌকার মার্কার বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে সাধারণ সম্পাদক গোলাম মতুর্জারকেও তদন্ত সাপেক্ষে বহিস্কার করা হয়েছে।
এ প্রসঙ্গে ধুনট আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মতুর্জার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মিথ্যা অভিযোগে এবং গঠনতন্ত্র পরিপন্থিভাবে তাদেরকে দল থেকে বহিস্কারের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা এ ব্যাপারে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।