বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবীতে সিরাজগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সরকারি ইসলামীয়া কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে ৭১ এর মতো যুদ্ধ ঘোষণা করা হবে এবং রণাঙ্গনের সৈনিক হিসেবে রাজপথে যুদ্ধ করে তাকে মুক্ত করা হবে। জনগণ আন্দোলন করে নেত্রীকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ্। রাজনীতিতে জীবন দিতে রাজি আছি।জীবনবাজী রেখে এদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম নিতে এখন লজ্জা পায়, তারা গণতন্ত্রের ওয়াদা দিয়ে বাকশাল কায়েম করেছিল। তারা উন্নয়নের কথা বলে জনগণকে শোষণ করছে। তারা গণতন্ত্রকে ভয় পায় বলে সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি নেতা মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, আনিছুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, ভিপি শামীম খান, নুর কায়েম সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, আবু সুইদ সুইট, মির্জা মোস্তফা জামান ও আলমগির আলম।