বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন। তার বলিষ্ঠ নেতৃত্বে নিরস্ত্র বাংলার দামাল ছেলেরা স্বাধীন সার্বভৌম,ন্যায্য অধিকার আদায়, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তার যোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আধুনিক মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন।
কামাল বলেন, দেশের স্বাধীনতানস্যাৎকারী পাকিস্তানী এজেন্ট, ক্ষমতা লোভী বিএনপি জামায়াতের সকল অপপ্রচারে বাধা দিতে হবে। তৃণমূলের কর্মীরা আমাদের প্রাণ; তাদের মূল্যায়ন করতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। আগামীতে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলকে এক হয়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে কাজ করতে হবে।
এস এম কামাল হোসেন মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন, উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আজিজুল হক। সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
উদ্বোধনী বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অন্যানের মধ্যে জেলা আওয়ামী লীগ সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা আওয়ামী লীগ সদস্য পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাকে সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।