বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান করে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে হেলাল উদ্দিন (বর্তমান সভাপতি) বিপুল ভোটের ব্যবধানে আবারো সভাপতি ও সেলিম আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রোববার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে ভোট গণনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এ ফলাফল ঘোষণা করেন। দুপুরের পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটগ্রহণের মধ্য দিয়ে সভাপতি পদে হেলাল উদ্দিন ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদ উদ্দিন পবলু পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দানিউল হক মোল্লা পেয়েছেন ১৩৯ ভোট। মোট ৩৬৮ কাউন্সিলরের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৬৪ জন ও দুটি ভোট বাতিল হয়েছে।
প্রথম অধিবেশনের শুরুতে সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন বলেন, পৌর আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবে সুদক্ষ ভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিএনপির ঘাটি বলে খ্যাত সিরাজগঞ্জ পৌর এলাকাকে আওয়ামী লীগের অনুকুলে আনতে সক্ষম হয়েছি।