বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার দুপুরে জেলা ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ন্যাপ (মোজাফফর) সভাপতি আমিনুর রহমান টিপু, সাধারণ সম্পাদকে মন্তেজার রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, জেলা জাসদের সহ-সভাপতি ইমদাদুল হক ইমদাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ ববি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে দেশী ও বিদেশী চক্রান্ত চলছে। তবে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত স্বাধীন রাষ্ট্রকে কখনই চক্রান্ত করে অকার্যকর করা যাবেনা। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে তা প্রতিরোধ করা হবে।
বক্তারা আরো বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা ১৪ দলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ করে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে ১৪ দল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। আগামীতে মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ করার বিকল্প নেই।
বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বগুড়া জেলা ১৪ দলের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আগামীতে ১৪ দলীয় জোটের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।