বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পাহাড়ে আওয়ামীলীগ দলকে নিশ্চিহ্ন করতে এখনো নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
তিনি বলেন, আঞ্চলিক সংগঠনগুলো চায় না পাহাড়ে কেউ আওয়ামী লীগ করুক। তাই তারা একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে। তাই পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়া কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি আবারো জোর তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
রবিবার (২৪ জুলাই) সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙ্গামাটি জেলা কৃষকলীগের বর্ধিত সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্ধিত সভা শুরুতে বেলুন উড়ানো পর পর জাতীয় সঙ্গীত সহকারে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর আলী চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য শান্তনা চাকমা, জাতীয় পরিষদ সদস্য নিশীথ বরন তালুকদার, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য একে এম জাহাঙ্গীর, কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য মোতাহার হোসেন বাবুল প্রমুখ। এছাড়া বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।