বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি রাজপথে আন্দোলনের ভয় দেখায়, কিন্তু ওরা জানে না, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সেকেন্ড হোম রাজপথ।
‘এজন্য আওয়ামীলীগকে রাজপথের ভয় দেখিয়ে কোন লাভ নেই। সকল সংকট মোকাবেলা করে শেখ হাসিনা ব্যর্থ দেশকে উন্নয়শীল রাষ্ট্রে পরিণত করেছেন। যে কোন সংকট মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নেই। এটা আমাদের কথা নয়, বিশ্ব নেতৃবৃন্দের কথা।’
মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে দেশকে জঙ্গীবাদ আর সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছিল। দুর্নীতিতে টানা ৫ বার চ্যাম্পিয়ন বানিয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের এবং বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। বিএনপি বলেছিল পদ্মাসেতু করা সম্ভব না, শেখ হাসিনা পদ্মা সেতু করিয়ে দেখিয়ে দিয়েছেন।
‘মির্জা ফখরুল গণতন্ত্রের কথা বলেন। আমার প্রশ্ন জিয়াউর রহমান কোন সংবিধানের বলে রাষ্ট্রপতি হয়েছিলেন? বিচারপতি সায়েমকে পিস্তল ঠেকিয়ে ক্ষমতা নিয়ে হা-না ভোট দিয়েছেন। সেনাবাহিনীর আইনে আছে চাকরীতে থাকা অবস্থায় কোন নির্বাচন করতে পারবে না। জিয়াউর রহমান সেই আইন লঙ্ঘন করে নির্বাচন করেছেন। তার দলের প্রতিনিধি হয়ে মির্জা ফখরুলের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’
জেলা আ’লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের নির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি, হাবিবে মিলাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, আব্দুল আজিজ এমপি, তানভীর ইমাম এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর থানা আ’লীগের সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।