বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে, সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এসএম রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ জন্য তাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা ও সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে শনিবার এ তথ্য পাওয়া গেছে।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, কাজলা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম বিএনপির সদস্য হওয়া সত্তে¡ও বগুড়া জেলা পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক দুলু ও সংরক্ষিত মহিলা আসনে একই দলের সদস্য প্রার্থী রুনুফা খাতুনের পক্ষে কাজ করছেন ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নোটিশে আরো বলা হয়েছে, বিএনপির দলীয় রীতিনীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে কাজলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এসএম রফিকুল ইসলাম জানান, তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে সারিয়াকান্দি উপজেলা পরিষদের একজন সদস্য। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু সম্প্রতি ফুলবাড়ি ইউনিয়নে সভা ডেকেছিলেন। সেখানে তিনি ছাড়াও ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সেটা জেলা পরিষদের নির্বাচনী সভা হলেও সেখানে পরিষদের একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সেখানে জিয়ার সৈনিক হিসেবে বক্তব্য রেখেছেন। আর তিনি ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে ভোট বর্জন করবেন। তাই তিনি কোন অপরাধ করেননি। বিষয়টি জেলা বিএনপি নেতৃবৃন্দকে জবাব দেওয়া হবে।