বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় উৎসব মুখর পরিবেশে জেলা বিএনপির সম্মেলনে গোপন ব্যালটে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আজগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গণনা শেষে বুধবার গভীর রাতে রিটার্নিং অফিসার অ্যাডভোকেট আজগর আলী ফলাফল ঘোষণা করেন। শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রিটার্নিং অফিসার সূত্র জানান, সভাপতি পদে রেজাউল করিম বাদশা এক হাজার ১৫৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম পেয়েছেন ৯১৩ ভোট। অপর প্রার্থী ফজলুল বারী তালুকদার বেলাল পেয়েছেন, ৮১ ভোট।
সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা এক হাজার ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন, এক হাজার ৬৬ ভোট।
সংগঠনিক সম্পাদকের তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন। নির্বাচনের ফলাফল অনুসারে নির্বাচিত সাংগঠনিক সম্পাদকরা হলেন: সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল।
সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম অধিবেশন চলে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন না হওয়ায় জেলার ১২ উপজেলা ও ১২ পৌরসভার মধ্যে ২২ ইউনিটে ভোটার (কাউন্সিলর) ছিলেন, দুই হাজার ২২২ জন। এর মধ্যে দুই হাজার ১৫৬ জন ভোট দিয়েছেন।