বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির আংশিক কমিটি থেকে সাতজন নেতা পদত্যাগ করেছেন।
তারা হলেন-নবগঠিত উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহার মৌলভী, সহ-সভাপতি বাবুল সরকার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, সদস্য ইউনুস শিকদার, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, আব্দুল আলিম ও আহসান হাবিব দুলাল।
পদত্যাগীরা সাংবাদিকদের জানান, নবগঠিত উপজেলা বিএনপির আংশিক কমিটি যোগ্যতা নির্ভর কমিটি হয়নি। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থনকারী এবং নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে সংবর্ধনা দেয়া ব্যক্তিদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।
এতে স্থানীয় গুরুত্বপূর্ণ নিবেদিত নেতাকর্মীরা কমিটিতে স্থান পাননি। এসব কারণে তারা দলের পদ থেকে পদত্যাগ করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এখনো পদত্যাগপত্র হাতে পাননি। শুনেছি জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের কাছে তারা পদত্যাগপত্র দিয়েছে। এরআগে ১৪ জানুয়ারি জাহিদ মোল্লাকে সভাপতি ও কারি মো: ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চৌহালী উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।